
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারায় গর্ভবতী মহিলাদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে এক বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাকারা সীরাতুল মোস্তাকিম মডেল বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে ‘পল্লী চিকিৎসক সমিতি, কাকারা সুরাজপুর-মানিকপুর’-এর আয়োজনে এবং চকরিয়া এভারগ্রীন হাসপাতালের সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
পল্লী চিকিৎসক সমিতির সভাপতি ডা. জহিরুল ইসলামের সভাপতিত্ব ও উদ্বোধনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাকারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী কফিল উদ্দিন আজাদ। কর্মসূচি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক প্রদিপ কান্তি রুদ্র।
স্বাস্থ্যক্যাম্পে গর্ভবতী মা ও রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক ডা. সিরাজুম মনিরা এবং ডা. সুমাইয়া শারমিন প্রমা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ পর্যায়ে দরিদ্র ও প্রসূতি মায়েদের জন্য এ ধরনের স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এলাকার প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্যে ইতিবাচক ভূমিকা রাখতে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রাখার আহ্বান জানান তারা। দিনব্যাপী এই ক্যাম্পে এলাকার বিপুলসংখ্যক প্রসূতি নারী উপস্থিত হয়ে ফ্রিতে চিকিৎসাসেবা গ্রহণ করেন।