
নিজস্ব প্রতিবেদক: চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানটি যেন এখন স্টোররুমে পরিণত হয়েছে। নামমাত্র একটি ছোট কক্ষ থাকলেও সেখানে নেই কোনো জায়নামাজ কিংবা প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যবস্থা। চারদিকে জমে আছে ময়লা-আবর্জনা ও পানি, যা নামাজ আদায়ের জন্য একেবারেই অনুপযোগী পরিবেশ সৃষ্টি করেছে।
প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা শতশত নারী রোগী ও তাদের স্বজনরা নামাজ আদায় করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একটি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এমন অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেবাগ্রহীতারা।
তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে নামাজের স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রয়োজনীয় সংস্কার, জায়নামাজসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ এবং নারীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক নামাজের পরিবেশ নিশ্চিত করা হোক।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়নুল আবেদীনের কাছে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।