
চকরিয়া প্রতিনিধি: বাংলাদেশ তাহফিজ সংগঠন কর্তৃক আয়োজিত জাতীয় পর্যায়ের হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩০ পারায় অংশ নিয়ে সারাদেশে তৃতীয় স্থান অর্জন করেছেন হাফেজ আব্দু সোবহান।
তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকার মোহাম্মদ খোকনের পুত্র। ফাঁসিয়াখালী ইউনিয়নের ছিড়া মুড়া মজিদিয়া তা’লিমুল কোরআন হাফেজখানা ও এতিমখানার শিক্ষার্থী হাফেজ আব্দু সোবহান প্রতিষ্ঠানটির শিক্ষক ক্বারী হাফেজ মোহাম্মদ হাসানের তত্ত্বাবধানে হিফজ সম্পন্ন ও পড়াশোনা করে আসছেন।
শুক্রবার (১৪ আগস্ট) জুমার নামাজের পর মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির যৌথ উদ্যোগে হাফেজ আব্দু সোবহানকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও অভিনন্দন জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদ-মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাফেজ, সহসভাপতি ইলিয়াস, সাধারণ সম্পাদক জিয়া উর রহমান, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, অর্থ সম্পাদক রবিউল আলম ও সহঅর্থ সম্পাদক বেলাল উদ্দিনসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পবিত্র কোরআন হিফজের পাশাপাশি জাতীয় পর্যায়ে এমন সাফল্য অর্জন প্রতিষ্ঠান, পরিবার ও এলাকার জন্য গর্বের বিষয়। হাফেজ আব্দু সোবহানের এ অর্জন ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের কোরআন শিক্ষায় আরও উৎসাহিত করবে।