
কৃষকের সার নিয়ে রাজনীতি বন্ধ করে সরবরাহ নিশ্চিত করার আহ্বান: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ
কৃষকের সার নিয়ে কোনো ধরনের রাজনীতি না করে মাঠপর্যায়ে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী চাহিদার তুলনায় দেশে প্রায় ১৬ লাখ ৬৩ হাজার টন সার মজুত থাকার কথা। তাহলে গুদামে পর্যাপ্ত সার থাকার পরও কৃষক কেন চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না—এ প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।
তিনি বলেন, মাঠপর্যায়ে সার সংকটের পেছনে দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ রয়েছে। গুদামে সার থাকার পরও কৃষককে অতিরিক্ত দামে সার কিনতে হলে কিংবা সার না পেয়ে ফিরে আসতে হলে এর দায় কোনোভাবেই সরকার এড়াতে পারে না। কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষককে জিম্মি করার সুযোগ দেওয়া যাবে না।
ড. হামিদ আযাদ বলেন, “গুদামে সার থাকবে, অথচ মাঠে কৃষক সার পাবে না—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কৃষকের ঘাম ও দেশের খাদ্যনিরাপত্তার সঙ্গে যারা খেলবে, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”
তিনি অবিলম্বে মাঠপর্যায়ে অভিযান জোরদার, সার সরবরাহ ব্যবস্থার কার্যকর তদারকি এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তিনি আরও বলেন, কৃষকের সার নিয়ে রাজনীতি নয়; কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করাই এখন সরকারের প্রধান দায়িত্ব। কৃষক যেন নির্ধারিত দামে, সময়মতো ও প্রয়োজন অনুযায়ী সার পান—সরকারকে তা নিশ্চিত করতে হবে।