
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বিরোধ দেখা দিয়েছে। ভোটে নির্বাচিত সভাপতিকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ার অভিযোগে বিদ্যালয়ের অভিভাবক ও কমিটির সদস্যরা মানববন্ধন করেছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নির্বাচিত সভাপতি বাহার উদ্দিন,সদস্য ইলিয়াস, রেহেনা আক্তারসহ অভিভাবক ও কমিটির সদস্যরা। বক্তারা দাবি করেন, ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বাহার উদ্দিন ৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপর প্রার্থী এমরাচিং রাখাইন পান ৫ ভোট।
বক্তারা অভিযোগ করেন, ভোটে নির্বাচিত হওয়ার পরও বাহার উদ্দিনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। বরং পরাজিত প্রার্থীকে সভাপতি করার জন্য প্রধান শিক্ষক তৎপর হয়ে উঠেছে। এর মাধ্যমে বিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির সুযোগ তৈরি করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধন থেকে দ্রুত নির্বাচিত সভাপতি বাহার উদ্দিনকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে প্রয়োজনীয় রেজুলেশন করার দাবি জানানো হয়। একই সঙ্গে নির্বাচনের ফলাফল উপেক্ষা করে পরাজিত কোনো প্রার্থীকে সভাপতি হিসেবে মেনে নেওয়া হবে না বলে জানান বক্তারা।
তারা বলেন, হারবাং বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ালেখায় পিছিয়ে রয়েছে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক পরিবেশ উন্নয়নে সুশিক্ষিত ও যোগ্য বাহার উদ্দিনকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া প্রয়োজন।
তবে এসব অভিযোগ ও নির্বাচনের বিষয় অস্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিন্মরীময়ী বড়ুয়া।
এ বিষয়ে চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেন, নির্বাচন ও মানববন্ধনের বিষয়টি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, সভাপতি নির্বাচন নিয়ে সৃষ্ট বিরোধের সুষ্ঠু তদন্ত করে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।