
চকরিয়া প্রতিনিধি : চকরিয়া আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক আলোচনা সভা ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টায় মাদ্রাসার হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. এনামুল হকের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা আব্দুল লতিফের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:কাকারা তাজুল উলুম আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন,পালাকাটা আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা এহসানুল হক,বরইতলী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন,আমজাদিয়া মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি আনিসুর রহমান চৌধুরী ।
অনুষ্ঠান শুরুর আগে ও পরে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি মাদ্রাসার অবকাঠামোগত সমস্যা এবং শিক্ষা কার্যক্রমের অগ্রগতি নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি মাদ্রাসার খেলার মাঠ ভরাটকরণ, শিক্ষক কক্ষ সংস্কার এবং শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কোর্স চালুর দিকনির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. আবু জাফর খান বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের ভেতরে যেমন পাঠদানে মনোযোগী হতে হবে, তেমনি শ্রেণিকক্ষের বাইরেও দায়িত্বশীলতার সাথে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, মাদ্রাসা কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশনায় তিনি মাঠ ভরাটসহ মাদ্রাসার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও অভ্যন্তরীণ সমস্যা প্রত্যক্ষ করতে এ পরিদর্শনে এসেছেন।
আলোচনা সভা শেষে সাবেক অধ্যক্ষ মাওলানা আ ক ম সাদেক হোসেনের পরিচালনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এরপর প্রধান অতিথিসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ মাদ্রাসা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।