
এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা২৬।
সোমবার (২৪ আগষ্ট) সকালে চকরিয়া বিজয় মঞ্চের মাঠে চকরিয়া উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে ৫ দিন ব্যাপী এই মেলার শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মারুফ হোসেন। মেলায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার শাহীন দেলওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌস,কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক শীতল পাল,চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুর রহমান।
ডেপুটি রেঞ্জার খসরুল আমিন ও বিট কর্মকর্তা শাহরিয়ার আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গঠনে সর্বস্তরের জনগণকে অধিক পরিমাণে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।
মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির জন্য ১২ টি স্টল বসানো হয়েছে।
২৪ আগষ্ট থেকে ২৮ আগষ্ট পর্যন্ত দিনরাত এই বৃক্ষমেলা চলমান থাকবে বলে জানান আয়োজক কমিটি।