
নজরুল ইসলাম, লামা (বান্দরবান):
প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবানের লামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
আজ ১৩ অক্টোবর ২০২৬ তারিখে দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা তথ্য অফিসার রাশেদুল হক রাশেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রভুজ বড়ুয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তানবির হাসান এবং উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিকবৃন্দ, রেড ক্রিসেন্ট সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা সভায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ পাহাড়ি জনপদ লামায় পাহাড়ধস, অতিবৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জনসচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্যোগের আগাম সংকেত সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা জরুরি। দুর্যোগের আগে সতর্কতা, দুর্যোগ চলাকালে নিরাপদ আশ্রয় গ্রহণ এবং দুর্যোগ-পরবর্তী সময়ে দ্রুত উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দুর্যোগ মোকাবিলায় শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, স্থানীয় সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণও প্রয়োজন। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, আশ্রয়কেন্দ্র সম্পর্কে ধারণা রাখা এবং জরুরি প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পরিশেষে বক্তারা সমাপনী বক্তব্যে বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব না হলেও যথাযথ প্রস্তুতি, সচেতনতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। তাই দুর্যোগ মোকাবিলায় আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা ও আগাম প্রস্তুতি।