
চকরিয়া প্রতিনিধি, ৭ অক্টোবর ২০২৬:
কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্যানিটেশন ব্যবস্থা পুনরুদ্ধার ও নিরাপদ স্বাস্থ্যসম্মত জীবনযাপন নিশ্চিত করতে ক্যাশ ফর স্যানিটেশন সহায়তা বিতরণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) Social Assistance and Rehabilitation for Physically Vulnerable (SARPV)-এর সার্বিক তত্ত্বাবধানে এবং Norwegian Refugee Council (NRC)-এর আর্থিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ পরিবারের মধ্যে এ সহায়তা বিতরণ করা হয়।
কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএআরপিভি’র রিজিওনাল ডিরেক্টর কাজী মাকসুদুল আলম মুহিত। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম।
সাম্প্রতিক বন্যায় বিএমচর ইউনিয়নের অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হন। দীর্ঘ সময় ধরে বন্যার পানি ও জলাবদ্ধতার কারণে অসংখ্য পরিবারের টয়লেট ও অন্যান্য স্যানিটেশন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এতে বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।
এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্যানিটেশন ব্যবস্থা দ্রুত পুনঃস্থাপনের লক্ষ্যে এসএআরপিভি ও NRC-এর উদ্যোগে ক্যাশ ফর স্যানিটেশন সহায়তা প্রদান করা হচ্ছে। নগদ সহায়তার মাধ্যমে উপকারভোগীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত স্যানিটেশন ব্যবস্থা মেরামত বা পুনর্নির্মাণ করতে পারবেন।
অনুষ্ঠানে এসএআরপিভি’র রিজিওনাল ডিরেক্টর কাজী মাকসুদুল আলম মুহিত বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘরবাড়ির পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা শুধু একটি অবকাঠামোগত বিষয় নয়, এটি মানুষের স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে এসএআরপিভি এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করছে।”
বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম বলেন, বন্যার কারণে ইউনিয়নের অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের স্যানিটেশন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এ সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ উদ্যোগের জন্য এসএআরপিভি ও NRC-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসএআরপিভি সূত্রে জানা যায়, দুর্যোগ-পরবর্তী সময়ে প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি কমানো, নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় অন্যান্য মানবিক সহায়তা ও পুনরুদ্ধারমূলক কার্যক্রমও পরিচালনা করছে সংস্থাটি।
এসএআরপিভি ও NRC-এর এ উদ্যোগ বন্যা-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের স্যানিটেশন ব্যবস্থা পুনর্গঠন এবং একটি নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।