
চকরিয়া প্রতিনিধি:
সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ওবায়দুল্লাহ নুর ছিদ্দিকীর বিরুদ্ধে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী নোয়াপাড়া স্টেশন সংলগ্ন একটি জায়গা বহিরাগত ভাড়াটিয়া লোকজন দিয়ে জবরদখলের অভিযোগ ওঠে। এ ঘটনায় উভয় পক্ষের বক্তব্য নিয়ে দৈনিক সাঙ্গু, ডেইলি বেস্ট নিউজ,এনবিটিভি,চকরিয়া নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন দৈনিক সাঙ্গুর চকরিয়া প্রতিনিধি এইচ এম রুহুল কাদের।
সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার (৬অক্টোবর)দুপুরে ওবায়দুল্লাহ নুর ছিদ্দিকী মুঠোফোনে এই সাংবাদিককে প্রাণনাশের হুমকি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন ।
একজন সাংবাদিক হিসেবে তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের অধিকার রয়েছে। সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিককে হুমকি, ভয়ভীতি প্রদর্শন কিংবা অশালীন ভাষায় গালিগালাজ করা স্বাধীন সাংবাদিকতার পরিবেশের জন্য উদ্বেগজনক।
এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সাংবাদিক সমাজের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।