
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খুটাখালীতে মারছা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবাসহ মা ও মেয়েকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটকরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুরাপাড়া এলাকার খালেদা বেগম (৩৫) ও তার মেয়ে হুমাইরা আক্তার (১৮)। তারা কক্সবাজার পৌরসভার বার্মিজ মার্কেট এলাকার সিকদার মহল ভবনে বসবাস করতেন।
শুক্রবার সকাল ৭টার দিকে খুটাখালীর নয়াপাড়া এলাকার বায়তুল মামুর জামে মসজিদের সামনে মহাসড়কে বাসটিতে অভিযান চালানো হয়। এ সময় পাশাপাশি আসনে বসা মা-মেয়েকে আটক করে তল্লাশি চালানো হয়।
পরে খালেদা বেগমের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ৮ হাজার ইয়াবা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, উদ্ধার ইয়াবার ওজন ৭৩০ গ্রাম। এ ঘটনায় চকরিয়া থানায় মামলা হয়েছে।