
সংবাদ বিজ্ঞপ্তি: কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে মাদকের প্রতিবাদ করায় সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় ব্যবসায়ী সাজ্জাদ হোসেন ও আশেকসহ তিনজনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর ও সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হারবাং এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে মাদক কারবারিদের হামলায় তারা আহত হন বলে জানা গেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে সাজ্জাদ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এক যৌথ প্রতিবাদলিপিতে চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর ও সেক্রেটারি মাওলানা ছৈয়দ করিম বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিক ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের হামলা মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে বাধাগ্রস্ত করবে।
তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান তারা।