
এইচ এম রুহুল কাদের, চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাবলিক স্কুলসংলগ্ন চরে নকল ওষুধ প্রয়োগের পর মুলা ও ধনিয়াপাতা ক্ষেত পুড়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক মোর্শেদ আলমের মুলা ক্ষেত এবং বেলাল উদ্দিনের ধনিয়াপাতা ক্ষেত পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। কৃষকদের দাবি, পচন রোধের জন্য গত সপ্তাহে বেতুয়া বাজারের আলতাফ স্টোর থেকে অরণী ইন্টারন্যাশনাল লিমিটেড কোম্পানির ‘ইপরোজিম’ নামের ওষুধ কিনে ক্ষেতের ফসলে ছিটানো হয়। এরপরই ক্ষেতের ফসল পুড়ে নষ্ট হয়ে যায়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে ক্ষেতের ফসল পুড়ে যাওয়ার চিত্র দেখা যায়। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, ওষুধ প্রয়োগের পর ফসলের এমন ক্ষতি হলেও এক সপ্তাহ ধরে বিষয়টির কোনো সমাধান করা হয়নি ।কৃষকের অভিযোগ, ডিলার ও কোম্পানির প্রতিনিধির যোগসাজশে নকল কীটনাশক সরবরাহ করেছে।
কৃষকদের অভিযোগ, অরণী ইন্টারন্যাশনাল লিমিটেডের চকরিয়ার ডিলার আলতাফ হোসেন এবং কোম্পানির প্রতিনিধির কাছে বিষয়টি জানানো হলেও তারা দায় এড়ানোর চেষ্টা করছেন। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা বিষয়টি তদন্ত করে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং দায়ীদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অরণী ইন্টারন্যাশনাল লিমিটেডের চকরিয়ার ডিলার আলতাফ হোসেন ও কোম্পানির প্রতিনিধি জানান,ঘটনা জানার পরে ক্ষতিগ্রস্ত ক্ষেত পরিদর্শন করে কীটনাশক ল্যাব টেষ্টের জন্য কোম্পানির কাছে পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে আসলে উভয় পক্ষ বসে সমাধান করা হবে।