
সাদ্দাম হোসেন সাইফ |বান্দরবান প্রতিনিধি :
৩১ আগষ্ট ২০২৬ ইংরেজি (সোমবার)
বৃহত্তর ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের সাধারণ জনগণের দীর্ঘদিনের যাতায়াতজনিত দুর্ভোগ লাঘব ও ইউনিয়ন পরিষদের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ। এখন থেকে প্রতি মঙ্গলবার ইয়াংছা বাজারে অস্থায়ী কার্যালয়ের মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রতি মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইয়াংছা বাজারের নির্ধারিত অস্থায়ী কার্যালয়ে এ কার্যক্রম চলবে।
বৃহত্তর আয়তন ও বিস্তৃত জনবসতির কারণে ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন প্রান্তের মানুষকে ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যালয়ে গিয়ে সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। বিশেষ করে ইয়াংছা ও আশপাশের প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের জন্য দূরত্ব, যাতায়াত ব্যয় ও সময়ের কারণে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা গ্রহণ অনেক সময় দুরূহ হয়ে পড়ে। এতে নাগরিকদের পাশাপাশি বয়স্ক, নারী ও অসহায় মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।
জনগণের এই বাস্তব দুর্ভোগ বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রশাসক জনাব মঈন উদ্দিন এবং ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন খন্দকার ইয়াংছা বাজারে অস্থায়ী কার্যালয়ের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সেবা প্রদানে বিশেষ আগ্রহ প্রকাশ করেন।
প্রশাসনের এ উদ্যোগকে স্থানীয়ভাবে জনবান্ধব ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদের সেবা জনগণের আরও কাছে পৌঁছে দেওয়ার ফলে একদিকে যেমন সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে, অন্যদিকে দীর্ঘদিনের যাতায়াতজনিত ভোগান্তিও অনেকাংশে কমে আসবে।
ইয়াংছা ও আশপাশের এলাকার স্থানীয় বাসিন্দারা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, বৃহত্তর ফাঁসিয়াখালী ইউনিয়নের বাস্তবতা বিবেচনায় ইউনিয়ন পরিষদের সেবা বিকেন্দ্রীকরণের এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কষ্ট ও দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া এ পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার এ ধরনের উদ্যোগ শুধু দুর্ভোগই কমাবে না, বরং ইউনিয়ন পরিষদ ও সাধারণ জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করবে।
জনগণের দুর্ভোগ লাঘবে এমন উদ্যোগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী অফিসার ও অত্র ইউনিয়নের প্রশাসক জনাব মঈন উদ্দিন এবং ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন খন্দকারের প্রতি স্থানীয় জনগণের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।
কার্যক্রমের সময়সূচি
দিন: প্রতি মঙ্গলবার
সময়: সকাল ৯টা থেকে বিকেল ৪টা
স্থান: ইয়াংছা বাজার অস্থায়ী কার্যালয়
স্থানীয়দের প্রত্যাশা, ইয়াংছা বাজারে অস্থায়ী কার্যালয়ের এ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হলে বৃহত্তর ফাঁসিয়াখালী ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষের সময়, অর্থ ও শ্রমের অপচয় কমবে এবং সরকারি সেবা গ্রহণ আরও সহজ ও জনবান্ধব হবে।