
এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর কোচপাড়া রিয়াজুল জান্নাত জামে মসজিদ সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আয়োজিত এক সচেতনতামূলক কর্মসূচিতে এ আহ্বান জানানো হয়।
রাহমানিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ কারি মোহাম্মদ হাসানের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া থানার অপারেশন অফিসার ফরিদ হোসেন। প্রধান আলোচক ছিলেন কোচপাড়া রিয়াজুল জান্নাত জামে মসজিদের খতিব ও কাকারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, সমাজ সর্দার মাশুক আহমদ মেম্বার, পৌর বিএনপির প্রচার সম্পাদক কাইছার হামিদ, পৌর শ্রমিকদলের সভাপতি রফিক আহমদ, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, যুব নেতা নুরুল আবসার, বিশিষ্ট ব্যবসায়ী আসহাব উদ্দিন, কৃষি ব্যাংক কর্মকর্তা ও মসজিদের সাবেক সেক্রেটারি মোহাম্মদ হোসেন এবং মাওলানা ওসমান গনি।
বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পাশাপাশি পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
এ সময় মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।