
চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় আসামি আটক হওয়ায় ক্ষিপ্ত হয়ে বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগের অভিযোগও করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ভূবন কান্তি দাস।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলার ফাঁসিয়াখালী অলিশাহ বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তুলে ধরেন ভূবন কান্তি দাস। এ সময় তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং মামলার এজাহারভুক্ত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
ভুক্তভোগীর অভিযোগ, গত ২ আগস্ট ফাঁসিয়াখালীর অলিশাহ বাজারে তার ফার্মেসি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় তাকে মারাত্মকভাবে আহত করা হলে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর ফের তাকে ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
ভূবন কান্তি দাস বলেন, হামলার ঘটনায় মামলা দায়েরের পর কৃষ্ণ আচ্যার্জ ও টুনটু আচ্যার্জ বর্তমানে কারাগারে রয়েছেন। তাদের আটক হওয়ার কারণে ক্ষিপ্ত হয়ে বাদল আর্চায্য, দীপংকর আর্চায্য, মন্টু আর্চায্য ও ছোটন আর্চায্য তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং মামলা প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভূবন কান্তি দাস বলেন, “আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় আমাদের ওপর আবারও হামলা হতে পারে। তাই প্রশাসনের কাছে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মামলার বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।