
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের লাইট হাউজ এলাকায় নকশি রিসোর্ট দখলের অভিযোগে কক্সবাজার শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল কবির আল-আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নিয়েছে সদর থানা। এই ঘটনায় ইতোমধ্যে মাহফুজ শাকিল (৪০) নামক ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৭ আগষ্ট) দিবাগত রাত ৩ টার দিকে রিসোর্ট দখলের এই ঘটনা ঘটে।
এই ঘটনায় হোটেলের মালিক ইসরাত জাহান বাদী হয়ে গ্রেফতার হওয়া শাকিলসহ ৫ জনের নাম উল্লেখ করে ১০/১২ জনকে অজ্ঞাত রেখে সদর থানায় মামলা দায়ের করেন।
আসামির তালিকায় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিল্কির নামও রয়েছে।
প্রধান আসামি আল আমিন লাইট হাউজ এলাকার বাসিন্দা ও মরহুম জামায়াত নেতা মাওলানা আলমগীর এর ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা দাবীকৃত চাঁদা না পেয়ে প্রথমে বাদীর মালিকানাধীন মিল্কী রির্সোটের ৪ টি ফ্লাট ও নিচ তলার ৮০০ স্কয়ার ফিট একটি দোকান দখলে নেয়।
পরে দিবাগত রাত ৩ টার দিকে ১০/১২ জন এসে বাদীর মালিকানাধীন লাইট হাউজ এলাকায় নকশি নামের অপর একটি রির্সোটও দখলে করে ফেলে।
সোমবার বিকেলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাহফুজ শাকিল নামের এক ব্যক্তিকে আটক করে।
আটককৃত মাহফুজ শাকিল উখিয়া উপজেলার রত্নাপালং এলাকার শামশুদ্দিন ছেলে বলে জানা গেছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, নকশী রিসোর্ট দখলের ঘটনায় মামলা নেয়া হয়েছে এবং ১ জনকে আটক করা হয়েছে। শহরের কোথাও দখলের ঘটনা ঘটলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে।
তবে, আসামি আল আমিন গণমাধ্যমকে জানিয়েছেন, চাঁদা দাবি ও রিসোর্ট দখলের অভিযোগটি মিথ্যা। বাদী পক্ষের সঙ্গে পূর্বে থেকে তার শত্রু তারা রয়েছে।