
মাতামুহুরী প্রতিনিধি:
কক্সবাজারের বদরখালীতে জুতা চুরির জেরে থানায় অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হয়ে মেহেদী হাসান সাকিব (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন স্থানীয় পশু চিকিৎসক ছিলেন। এ ঘটনায় তার বাবা ও দুই ভাই সহ আরও ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজারের বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাতডালিয়া পাড়া এলাকায় এই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে একই দিন রাত সোয়া ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাকিব।
নিহত সাকিব বদরখালীর দক্ষিণ সাতডালিয়া পাড়ার ওয়াজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুতা চুরির একটি ঘটনা নিয়ে প্রথমে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জেরে শুক্রবার সকালে সশস্ত্র সন্ত্রাসীরা ওয়াজ উদ্দিন ও তার ছেলেদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সাকিব, তার বাবা ও দুই ভাই গুরুতর রক্তাক্ত আহত হন।
ঘটনার পর পরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। সাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
হামলায় অপর আহতরা হলেন—নিহত সাকিবের বাবা ওয়াজ উদ্দিন (৬৫) এবং তার দুই ছোট ভাই আরফাত (১৮) ও মোশাররফ করিম (২১)।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।