
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে অপহরণের শিকার মো. ইসমাইল (৫১) নামে এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা পাহাড়ে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শনিবার (১৮ জুলাই) বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এলাকায় র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গত ১৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লালপাহাড় এলাকার বাসিন্দা মো. ইসমাইলকে হ্নীলা ইউনিয়নের লেদাপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের অপহরণকারীরা অপহরণ করে। এ ঘটনায় তার বোন সমসু নাহার ১৬ জুলাই টেকনাফ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ঘটনার পর র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে ভিকটিমকে উদ্ধারে অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় শনিবার বিকেল ৩টা ৫ মিনিটে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইসমাইলের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ইসমাইল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, অপহরণকারীরা তাকে গহীন পাহাড়ে আটকে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল। মুক্তিপণের টাকা আদায়ের জন্য তার ওপর শারীরিক নির্যাতনও চালানো হয়।
র্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।