চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া পৌরসভায় জনস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৫ অক্টোবর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে মগবাজারের আর রহমান বেকারিকে বেকারি পণ্যে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অননুমোদিত রং, হাইড্রোজেন ও অ্যামোনিয়া ব্যবহার, নষ্ট ও ভাঙা ডিম ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া চিরিঙ্গার সাতকানিয়া স্টোরকে অননুমোদিত ও শিশুস্বাস্থ্যের জন্য ক্ষতিকর শিশু খাদ্যপণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা, ফল বিতানকে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কাঁচাবাজারের শাহ আমানত স্টোর ও আজাদ স্টোরকে বিক্রির অনুমোদনবিহীন রোহিঙ্গা পণ্য হিসেবে চিহ্নিত তেল বিক্রির দায়ে পৃথকভাবে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অন্যদিকে কাঁচাবাজারের টিপু স্টোরকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক বিক্রয়ের জন্য নিষিদ্ধ ঘোষিত ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ‘কেওডাজল’ বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, চকরিয়া পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চকরিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তার অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।