এইচ,এম,নুরুল আবছার,মালয়েশিয়া প্রতিনিধি:
কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, নেই কোনো আয়োজন বা ডামাডোল।এর মধ্যেই নীরবে আবারও খুলতে শুরু করেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপরিচিত সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার ভিত্তিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন। বিষয়টি নিশ্চিত করেছে হাইকমিশন ও বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি গুডনেস সার্ভিসেস লিমিটেড (আরএল-২০৬৮)।
চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম কার্যত আবারও শুরু হলো। তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই বাজার চালুর বিষয়টি সামনে আসায় স্বচ্ছতা ও নিয়োগপ্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।
২০২৪ সালের ৩১ মে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী প্রবেশের সুযোগ বন্ধ হয়ে যায়। কর্মী নিয়োগে অনিয়ম, অতিরিক্ত ব্যয় ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সে সময় নতুন কর্মী প্রবেশ বন্ধ করে দেয় দেশটির সরকার।