চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের রুস্তম আলী চৌধুরী পাড়া জামে মসজিদের জায়গা জবরদখলকে কেন্দ্র করে বিচার শেষে বের হওয়ার সময় হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, মসজিদের জায়গা নিয়ে বিরোধের বিষয়ে চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে বিচার অনুষ্ঠিত হয়। বিচার শেষে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও মুসল্লি মারুফসহ সংশ্লিষ্টরা কার্যালয় থেকে বের হলে তাদের ওপর হামলা চালানো হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, জামাল ও শামসুর নেতৃত্বে আবু কালাম মেম্বার, কবির ও বাদশাসহ কয়েকজন এ হামলায় জড়িত ছিলেন। হামলায় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও মুসল্লি মারুফ আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। মসজিদের জায়গা জবরদখলের অভিযোগ এবং বিচার শেষে সরকারি কার্যালয়ের সামনে হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।