ফরহাদ আহমদ, লামা (বান্দরবান):
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নকে মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সোমবার রাতে ফাইতং বাজারে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আগামী শুক্রবার জুমার নামাজের পর ফাইতং বাজারে মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোবিরোধী র্যালি এবং বৃহৎ মতবিনিময় সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ফাইতং বড় মুসলিমপাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ওই র্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়ন ও সফল করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে কমিটির সদস্যরা হলেন—হেলাল উদ্দিন, নজরুল ইসলাম, সজল চন্দ্র সুশীল, আরিফুল ইসলাম ও বেলাল উদ্দিন।
র্যালি ও মতবিনিময় সভার সার্বিক বাস্তবায়ন এবং বিভিন্ন বিষয়ে সমন্বয়ের দায়িত্ব পালন করবেন ফরহাদ আহমদ সজল ও বাদশা মিয়া।
সভায় মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর ও দীর্ঘমেয়াদি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্যোগের ওপর নির্ভর না করে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা বলেন, মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর প্রভাব থেকে শিশু-কিশোর ও যুবসমাজকে রক্ষা করতে এখনই সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
পাঁচ সদস্যের বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আগামী শুক্রবারের র্যালি ও মতবিনিময় সভায় ফাইতং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া লামা ও চকরিয়া উপজেলায় কর্মরত টেলিভিশন, প্রিন্ট, অনলাইন ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের কর্মসূচিটি সরেজমিনে উপস্থিত থেকে কভারেজ করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।
আয়োজকদের প্রত্যাশা, সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ফাইতং ইউনিয়নে মাদক, জুয়া ও অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে একটি কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে উঠবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সচেতন সমাজ প্রতিষ্ঠায় এ উদ্যোগ ভূমিকা রাখবে।