সাদ্দাম হোসেন সাইফ | লামা(বান্দরবান) প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় সফরে এসেছেন বান্দরবান ৩০০ আসনের সংসদ সদস্য ও জননেতা রাজপুত্র সাচিং প্রু জেরী। তাঁর আগমনকে ঘিরে বান্দরবানে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পাওয়ায় মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তৃণমূল নেতাকর্মী ও দলীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে জেলার বিভিন্ন উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী বান্দরবানে এসে সমবেত হন। মন্ত্রী হিসেবে সাচিং প্রু জেরীর দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে পার্বত্যমন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর পরিবারের প্রতি অবিরাম শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি। আমাকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেতাকর্মীদের ভালোবাসা ও সহযোগিতাই আজ আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমি সবার প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।”
পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পানির সংকট পার্বত্য এলাকার অন্যতম বড় সমস্যা। এই সমস্যা সমাধানে তিনি কাজ করে যাচ্ছেন। পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ও মৌলিক চাহিদা পূরণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, “আমি তিন পার্বত্য জেলাকে সমানভাবে দেখতে চাই। কোনো জেলাকে পিছিয়ে রেখে নয়, বরং সামঞ্জস্যতা ও সমন্বয়ের মাধ্যমে তিন পার্বত্য জেলায় উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে চাই।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ইউনিয়ন, থানা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় ও ঐক্য বজায় রাখতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, উন্নয়ন কোনো একক ব্যক্তির কাজ নয়; জনগণ, জনপ্রতিনিধি, প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন সম্ভব। তাই দল-মত নির্বিশেষে পার্বত্য এলাকার মানুষের কল্যাণে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এদিকে মন্ত্রীর নিজ এলাকায় প্রথম সফর এবং বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে বান্দরবানজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় মিলনমেলায়।
নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন দায়িত্বের মাধ্যমে মন্ত্রী সাচিং প্রু জেরীর নেতৃত্বে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।