ফরহাদ আহমদ, লামা:
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রুকন উদ্দিন মোহাম্মদ এনায়েত উল্লাহ।
সভাপতি পদে প্রার্থী ছিলেন রুকন উদ্দিন মোহাম্মদ এনায়েত উল্লাহ এবং একই এলাকার বাসিন্দা আলী হায়দার মানিক। ভোটাভুটিতে রুকন উদ্দিন মোহাম্মদ এনায়েত উল্লাহ ৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আলী হায়দার মানিক পান ৫ ভোট। ফলে এক ভোটের ব্যবধানে সভাপতি পদে বিজয় নিশ্চিত করেন রুকন উদ্দিন মোহাম্মদ এনায়েত উল্লাহ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোটার মর্জিনা বেগম সংগত কারণে ঢাকায় অবস্থান করায় সকলের সম্মতিতে মুঠোফোনের মাধ্যমে তাঁর ভোট ও সমর্থনের বিষয়টি গ্রহণ করা হয়।
এদিকে, বিদ্যালয়টির সহসভাপতি নির্বাচিত হয়েছেন নবাব মিয়া রাজু। পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা আক্তার সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি রুকন উদ্দিন মোহাম্মদ এনায়েত উল্লাহ বলেন, “আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা আমি সকলকে সঙ্গে নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, “এই বিদ্যালয়টি ফাইতং ইউনিয়নের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটির হারানো গৌরব ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
নবনির্বাচিত সহসভাপতি নবাব মিয়া রাজু বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। সভাপতি, সদস্য সচিব, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে আমরা কাজ করব। শিক্ষার্থীদের কল্যাণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার থাকবে।”
স্থানীয়দের প্রত্যাশা, নবগঠিত কমিটির দায়িত্বশীল ও কার্যকর নেতৃত্বে ফাইতং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে নতুন গতিতে এগিয়ে যাবে।