এইচ এম রুহুল কাদের, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বন্ধুর ঘুষিতে তারেক (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে চকরিয়া শহরের বায়তুশরফ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তারেক চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকায়। তার নানা চকরিয়া শহরের বায়তুশরফ রোডের নুর স্টোর নামের একটি পানের দোকান করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে দোকানের জন্য পানি আনতে পার্শ্ববর্তী ‘বিয়াই বাড়ি’ হোটেলে যায় তারেক। সেখানে এক বন্ধুর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই বন্ধু তারেককে ঘুষি মারলে সে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে চট্টগ্রামের উদ্দেশ্যে নেওয়ার পথে আমিরাবাদ এলাকায় সন্ধ্যার দিকে তারেকের মৃত্যু হয়।
স্থানীয়দের দাবি, যে কিশোরের ঘুষিতে তারেক আহত হয়, সে ফুটপাতের কাশেমের পলিথিনের দোকানের কর্মচারী হিসেবে কাজ করত।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে স্থানীয়রা জানিয়েছেন।