স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন বালুবাহী ভারী যানবাহন চলাচলের কারণে সড়কগুলো দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীরা নিয়মিত স্কুল-মাদ্রাসায় যেতে পারছে না। সাধারণ মানুষও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। এমনকি কোনো নারী গর্ভবতী হলে তাকে হাসপাতালে নিতে কাঁধে করে বহন করতে হয় বলেও অভিযোগ করেন স্থানীয়রা।
এদিকে অবৈধভাবে পাহাড় ও সমতল কেটে বালু উত্তোলন ও পরিবহনের প্রতিবাদ করলে স্থানীয়দের ওপর হামলার অভিযোগও তুলেছেন এলাকাবাসী। এতে ক্ষোভ আরও বাড়ছে বলে জানান তারা।
সড়ক দ্রুত সংস্কার, অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধ এবং বালুবাহী ভারী যানবাহন চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
রোববার (৯ আগস্ট) দুপুরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী মুসলিমনগর এলাকায় আয়োজিত মানববন্ধনে অর্ধশতাধিক নারী-পুরুষ অংশ নেন। এ সময় তারা বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান দেন এবং অবিলম্বে বালু পরিবহন বন্ধ করে সড়ক সংস্কারের দাবি জানান।
মানববন্ধনে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাহাড় ও সমতল কেটে বালু-মাটি উত্তোলন করা হচ্ছে। এসব বালু-মাটি ভারী যানবাহনে করে পরিবহনের কারণে এলাকার সড়কগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।
তারা অবৈধ বালু-মাটি উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে ফাঁসিয়াখালী বনবিট কর্মকর্তা খসরুল আমিন বলেন, আমার আওতাধীন কোনো জায়গাতে বালু উত্তোলন হচ্ছে না।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, এইসব বালু-মাটি লুটের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।