চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: আইন পেশায় সততা,দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি স্বরূপ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মঈনুল আমিন কে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নং-২-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) হিসেবে মনোনীত করা হয়েছে।
সরকারের আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সরকারি আদেশে এই নিয়োগ প্রদান করা হয়।
তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের এক সমাদৃত পরিবারের সন্তান। তিনি চকরিয়ার বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোহাম্মদ আমিন এর মেজ ছেলে। এছাড়া তিনি জাতীয় দৈনিক ‘কালবেলা’ পত্রিকার চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি সাংবাদিক মনিরুল আমিন এর ছোট ভাই।
পারিবারিক ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধকে ধারণ করেই এডভোকেট মঈনুল আমিন দীর্ঘসময় ধরে আইন অঙ্গনে নিজের সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন। তিনি আদালত পাড়ায় অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। কর্মজীবনে তিনি বহু গুরুত্বপূর্ণ ও জটিল মামলা পরিচালনা করে একজন দক্ষ ও নীতিবান আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এই দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এডভোকেট মঈনুল আমিন মহান সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সাথে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া-মাতামুহুরী) আসনের সংসদ সদস্য ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এর প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি সততা,নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করব এবং আইনের শাসন প্রতিষ্ঠা,ন্যায়বিচার নিশ্চিত করা এবং দ্রুত বিচার প্রার্থীদের সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমি সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করতে সবার সহযোগিতা কামনা করছি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) নিয়োগের খবর নিশ্চিত হওয়ার পর কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সহকর্মী আইনজীবী,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং স্থানীয় সুধী সমাজের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানানো হয়।
সংশ্লিষ্ট সকলে আশা প্রকাশ করেন তাঁর মেধা,সততা ও দীর্ঘ কর্মঅভিজ্ঞতার মাধ্যমে কক্সবাজারের বিচারপ্রার্থীরা দ্রুত ও সুষ্ঠু আইনি সুফল পাবেন।