এইচ এম রুহুল কাদের : কক্সবাজারের টেকনাফ উপজেলার মুচনী ক্যাম্পসংলগ্ন শালবাগান পাহাড়ের দুর্গম এলাকায় অভিযান চালিয়ে অপহরণের শিকার তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। এ সময় অপহরণচক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) র্যাব-১৫, কক্সবাজারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং উখিয়া থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে সিপিসি-১, টেকনাফের একটি আভিযানিক দল অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। দীর্ঘ অনুসন্ধান ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর মঙ্গলবার (৪ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে টেকনাফের মুচনী ক্যাম্পের শালবাগান পাহাড়ের গহীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিনজন অপহৃতকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া তিনজনই উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী-১৭ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা হলেন মো. আয়াছ (১৮), মো. ইয়াছিন (২৮) ও জোবাইর (২৫)।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গত ৩০ জুলাই তারা টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী ক্যাম্পে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে ফেরার পথে অপহরণের শিকার হন। অপহরণকারীরা তাদের দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং পরিবারের কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না পাওয়ায় তাদের ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়ানো হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
ভিকটিমদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মুচনী রেজিস্টার-০১ ক্যাম্পের ব্লক-ডি এলাকার বটগাছতলা এলাকায় অভিযান চালিয়ে অপহরণচক্রের সদস্য হাফেজ আহম্মেদ (৫৩)কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি অপহরণচক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ভিকটিমদের অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি ও উদ্ধার হওয়া তিন ভিকটিমকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অপহরণ, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।