চকরিয়া প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে সাম্প্রতিক সময়ে দেওয়া কটাক্ষ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় থানা রাস্তার মাথা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্টেশনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তারা রাজনৈতিক শালীনতা বজায় রাখার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌর যুবদলের সভাপতি মো. জাকারিয়া, শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লাল্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল হাসান জাস্টিস, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, চকরিয়া কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত নাদিম অভিসহ কৃষক দল, ওলামা দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।