চকরিয়া প্রতিনিধি:কক্সবাজারের চকরিয়ায় মরহুম চিকিৎসক ডা. শম্ভুর নামে পরিচালিত একটি চেম্বারকে কেন্দ্র করে নানা অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বর্তমানে চেম্বারটি লিটন দাস ছোটন ও তার ভাগিনা ক্লিনটন দাসের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
অভিযোগে বলা হয়েছে, চেম্বারে কর্মরত নারী সহকর্মীদের সঙ্গে অসদাচরণ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এছাড়া রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবার ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও করেছেন একাধিক ভুক্তভোগী।
স্থানীয়দের অভিযোগ, হাত ভাঙাসহ বিভিন্ন রোগের ক্ষেত্রে রোগীদের "মেগা জেট" নামে একটি ভিটামিন ও অন্যান্য চিকিৎসাসামগ্রী বাধ্যতামূলকভাবে দেওয়া হয়। পাশাপাশি পপ ব্যান্ডেজ, রুল ব্যান্ডেজ, স্পট রোলসহ বিভিন্ন সামগ্রী চেম্বার থেকেই কিনতে বাধ্য করা হয়, যা বাজারমূল্যের তুলনায় বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়াই কম্পাউন্ডার রোগীদের এক্স-রে লিখে দেন এবং প্রেসক্রিপশন সরাসরি নির্দিষ্ট ফার্মেসিতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ফলে রোগীরা অন্য কোথাও থেকে ওষুধ কেনার সুযোগ পান না বলেও অভিযোগ রয়েছে।
সম্প্রতি সরেজমিনে গিয়ে স্থানীয়দের মধ্যে এসব অভিযোগ নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত লিটন দাস ছোটন বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।
চেম্বারের মালিক এবং মরহুম ডা. শম্ভুর স্ত্রী রুপালী বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে।