এইচ এম রুহুল কাদের, চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় বেড়াতে এসে এক পর্যটকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পর্যটকের দাবি, উপজেলার হারবাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুর ছেলে মানিকের বাংলো বাড়িতে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে মোটরসাইকেলটি গায়েব করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী রুবেল হোসেন চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে গত ২৩ জুন ২০২৬ তারিখে মোটরসাইকেল যোগে রওনা হন রুবেল হোসেন। দীর্ঘ পথ চলায় চট্টগ্রামে এসে তিনি ক্লান্ত হয়ে পড়েন। গার্মেন্টস ব্যবসার সুবাদে রুবেলের বড় ভাই মোহাম্মদ রাজেন হোসেনের সাথে পূর্ব পরিচিত ছিলেন হারবাংয়ের সাবেক চেয়ারম্যান পুত্র মানিক।
ভাইয়ের পরামর্শে রুবেল রাতে আশ্রয়ের জন্য আজিজনগর এলাকায় অবস্থিত মানিকের খামার বাড়িতে (বাংলো) যান।রুবেল হোসেন জানান, সেখানে অবস্থানকালে তাকে কৌশলে কোনো নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়। এরপর তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে তার ব্যবহৃত ‘পেজার’ মোটরসাইকেলটি গায়েব করে দেওয়া হয়। সকালে ঘুম থেকে উঠে গাড়ি না পেয়ে মানিককে বিষয়টি জানালে, মানিক তাকে উল্টো মারধর করেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন।
ভুক্তভোগীর অভিযোগ, সকালে তাকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করা হয় এবং তার মোটরসাইকেলটি পরিকল্পিতভাবে আত্মসাৎ করা হয়েছে।
এই ঘটনার পর ভুক্তভোগী রুবেল হোসেন চকরিয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দেন। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
গাড়ি চুরির পরবর্তী রোবেলের বড় ভাই রাজেন ইমোতে ফোন করে বিষয়টি মানিকের কাছে জানতে চাইলে তিনি রোবেলের মোটরসাইকেলের কাগজ পাঠাতে বলে এবং মানিক তাকে অকাট্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এবিষয়ে চেয়ারম্যান পুত্র মানিকের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পুর্ন মিথ্যা বানোয়াট এবং তিনি সেই মানিক নন বলে জানান