চকরিয়া প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ও বাসযোগ্য সমাজ গড়ার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার উদ্যোগে বুধবার (২২ জুলাই) সকালে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে কাকারা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ এবং সড়কের দুই পাশে পরিবেশবান্ধব ও ফলদ গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন শাখার সভাপতি সাজ্জাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জলাল উদ্দিন। এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড শাখার সভাপতি-সাধারণ সম্পাদক, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন।
বক্তারা বলেন, গাছ আমাদের পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শ্রমিক সমাজের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামাজিক ও পরিবেশগত দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি শ্রমজীবী মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তার পরিচর্যা করার আহ্বান জানাই।
কর্মসূচি শেষে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।