চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌলবিরচর এলাকায় নির্মাণাধীন ড্রেনের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ড্রেনের দুই পাশে মাটি কেটে রেখে কাজ অসমাপ্ত অবস্থায় ফেলে রাখায় বর্ষার পানির তোড়ে বসতভিটার মাটি ভেঙে ড্রেনে তলিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণকাজ বন্ধ থাকায় প্রতিদিনই ভাঙনের পরিমাণ বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, দ্রুত কাজ শেষ না হলে একাধিক পরিবারের বসতভিটা সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জাইকা ও সরকারি অর্থায়নে প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ উন্নয়ন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইমু কনস্ট্রাকশন।
ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন মৃত মহিমের পরিবার, সরওয়ার আলম, মহি উদ্দিন, আলতাফ মিয়া ও মনসুর আলম। তারা দ্রুত ড্রেন নির্মাণকাজ সম্পন্ন করে বসতভিটা রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চকরিয়া পৌরসভার প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।